নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট মাঠের লড়াই শেষে এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন মেহরাব হোসেন অপি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক এই ক্রিকেটার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।
এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহরাব হোসেন অপিকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (৫ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে এনসিপি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দিয়েছে। এর অংশ হিসেবে রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের দলে ভেড়ানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গন থেকে মেহরাব হোসেন অপিসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ দলটিতে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
মেহরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে এক অবিস্মরণীয় নাম। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে শতরান করে ইতিহাস গড়েছিলেন তিনি। দীর্ঘদিনের খেলোয়াড়ি জীবন শেষে অবসরে গেলেও ক্রীড়াঙ্গনে তার বিশেষ প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। এবার সেই পরিচিতিকে পুঁজি করেই তিনি সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হচ্ছেন।