নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কিশোর মারুফ সরদার (১৫) হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
গত শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় কিশোর মারুফ সরদার। অভিযোগ রয়েছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে হামলাকারীরা তাকে পুনরায় কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় শুক্রবার বিকেলে খাতিয়াল ভাঙ্গাব্রিজ এলাকায় মহাসড়কের পাশে সমবেত হয় শতশত মানুষ। মানববন্ধনের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অবরোধের খবর পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভুক্তভোগী পরিবারকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। বর্তমানে ডাসার থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
এ.আই.এল/সকালবেলা