সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ক্রিকেটে ফেরা নিয়ে দীর্ঘদিনের চলমান আলোচনার প্রেক্ষিতে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন বিসিবির অ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিসিবি সভাপতি হিসেবে তাঁর প্রথম উন্মুক্ত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

সাকিব একা নন, বিষয়টি সবার: সাকিবের দেশে ফেরা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তামিম মনে করিয়ে দেন, পরিস্থিতিটা কেবল সাকিবের একার নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক আরও দুই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও নাঈমুর রহমান দুর্জয়ও একই রকমের রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে আছেন। তামিম অনুরোধ করেন, সাকিবের পাশাপাশি যেন তাঁদের নামও আলোচনায় রাখা হয়।

আইনি জটিলতায় বোর্ডের সীমাবদ্ধতা: তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ক্রিকেটারদের ব্যক্তিগত আইনি সমস্যা নিরসনে ক্রিকেট বোর্ডের কিছু করার নেই। তিনি বলেন, “আইনগত যে বিষয়গুলো আছে, সেগুলোর ব্যাপারে আমাদের মন্ত্রী সাহেবও নমনীয় হওয়ার কথা বলেছেন। তবে ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব, তা আমরা দু’হাত বাড়িয়ে দিতে রাজি। যদি তাঁরা তাঁদের আইনি সমস্যাগুলো সমাধান করে আসেন, তবে আমরা তাঁদের সবসময়ই স্বাগত জানাব।”

সাকিব-মাশরাফী-দুর্জয়ের বর্তমান অবস্থা: গত ৫ আগস্টের পর থেকে সাবেক তিন অধিনায়কই সংকটে পড়েছেন। মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় বর্তমানে কারাগারে আছেন। নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফী বিন মোর্ত্তজা লোকচক্ষুর অন্তরালে। অন্যদিকে, একাধিক মামলার কারণে সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সাকিবের ইচ্ছা ছিল দেশের মাঠ থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর, কিন্তু নিরাপত্তা ও আইনি জটিলতায় তা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

তামিম দায়িত্ব নেওয়ার পর সাকিবের দেশে ফেরার বিষয়টি এখন কোন দিকে মোড় নেয়, ক্রিকেট অনুরাগীরা এখন সেদিকেই তাকিয়ে আছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন