তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার অপচেষ্টা চালিয়ে এক নারী ও এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানা চত্বরে এই নাটকীয় ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন—কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আতিকুর রহমান চৌধুরীর ছেলে ও স্থানীয় ব্যবসায়ী মইনুল ইসলাম চৌধুরী সামাদ এবং একই ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জেসমিন আক্তার।
পুলিশ জানায়, জেসমিন আক্তারের সঙ্গে তার সাবেক স্বামী মাহতাব মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও মামলা চলছে। স্বামী প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে তার বিদেশযাত্রা ঠেকাতে অনৈতিকভাবে পুলিশকে প্রভাবিত করার পরিকল্পনা করেন জেসমিন। এই উদ্দেশ্যে তিনি ব্যবসায়ী সামাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে নগদ টাকা ভর্তি খামসহ কুলাউড়া থানায় যান।
ঘটনার সময় কুলাউড়া থানায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের দ্বি-বার্ষিক পরিদর্শন চলছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। পরিদর্শন শেষে জেসমিন এসপির সঙ্গে দেখা করে তার সমস্যার কথা জানান। এ সময় সামাদ চৌধুরী একটি খাম এসপির হাতে দেওয়ার চেষ্টা করেন। খামটি খুলে টাকার বান্ডিল দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের আটক করার নির্দেশ দেন পুলিশ সুপার। প্রাথমিক তদন্তে জানা গেছে, খামে ৪০ হাজার টাকা ছিল এবং তাদের কাছে আরও ১ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, "আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ঘুষ দেওয়ার চেষ্টা একটি গুরুতর অপরাধ, তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।" কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং শুক্রবার (১ মে) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা