আটোয়ারীতে মে দিবসে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
আটোয়ারীতে মে দিবসে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি

মোঃ মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ মে) আটোয়ারী উপজেলা রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সকালে বলরামপুর ইউনিয়নের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলার বিপুল সংখ্যক রিকশা ও ভ্যান শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি পুরো এলাকা প্রদক্ষিণ শেষে বটতলী বাজার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

আটোয়ারী উপজেলা রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী থানার আমির মাওলানা ইউনুস আলী খান।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে রেশনিং ব্যবস্থা চালুসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার রক্ষার দাবি জানান। মে দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ভ্যান শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়। পরিশেষে উপস্থিত শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন