আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাড়ির সীমানার একটি নারিকেল গাছ নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শ্যামল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের রাজেশ্বর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানার একটি নারিকেল গাছ নিয়ে শ্যামল বিশ্বাসের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই নিখিল বিশ্বাসের দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার বিকেলে শ্যামল ওই গাছ থেকে নারিকেল পাড়তে গেলে নিখিল ও তার ভাইয়েরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে নিখিল ও তার সহযোগীরা শ্যামলকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতের সময় ছেলেকে বাঁচাতে গিয়ে শ্যামলের মা মিনতি বিশ্বাসও গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যামল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত মিনতি বিশ্বাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। নারিকেল গাছ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘাতকদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আহত মা মিনতি বিশ্বাস হাসপাতালে আহাজারি করে বলেন, "ওরা বেশ কিছুদিন ধরেই আমার ছেলেকে মারার ফন্দি করছিল। আজ সামান্য নারিকেল পাড়া নিয়ে সব ভাইয়েরা মিলে আমার চোখের সামনে ছেলেকে কুপিয়ে মেরে ফেলল।"
এ.আই.এল/সকালবেলা