ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ভাঙ্গা বাজারের লন্ডন ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম মিরু মুন্সির মালিকানাধীন “রেখা হক স মিল” থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের ব্যবসা প্রতিষ্ঠানেও আঘাত হানে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে স মিলে থাকা বিপুল পরিমাণ মূল্যবান লোহা ও সেগুন কাঠ, সাতটি বৈদ্যুতিক মোটর, মার্কেটের টিনশেড স্থাপনা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নথিপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে পাশের ব্যবসায়ী বিল্লু সাহার আইসক্রিম ফ্যাক্টরির ১১টি ফ্রিজ ও একটি মূল্যবান মেশিন আগুনে ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন নিঃস্ব প্রায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয় অনেক ব্যবসায়ীর দাবি, আগুনের ধরন দেখে এটি পরিকল্পিত নাশকতা বলেও সন্দেহ করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাঙ্গা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন