পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং শ্রমিকদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শ্রমিকদের অধিকার সম্পর্কে সজাগ করবে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা রোধে সহায়ক ভূমিকা রাখবে।
এ.আই.এল/সকালবেলা