নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
আজ শুক্রবার (১ মে) বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ।
দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধানের প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমির কাজী দীন মোহাম্মদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া।
আই.এ/সকালবেলা