ব্রাজিল নাকি মরক্কোকে এড়াতে চান নেদারল্যান্ডস কোচ

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
ব্রাজিল নাকি মরক্কোকে এড়াতে চান নেদারল্যান্ডস কোচ

স্পোর্টস ডেস্ক: জাপানের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে নেদারল্যান্ডস। ‘এফ’ গ্রুপে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে ডাচরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোনাল্ড কোমানের দল। নকআউটের সমীকরণ অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হলে ডাচরা মুখোমুখি হতে পারে মরক্কোর, আর রানার্সআপ হলে প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল।

নকআউট পর্বে ব্রাজিল নাকি মরক্কো—কাকে তারা প্রতিপক্ষ হিসেবে চান, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান। তবে কোনো নির্দিষ্ট দলকে এড়িয়ে যাওয়ার বা বেছে নেওয়ার আগ্রহ দেখাননি তিনি।

কোমান মনে করেন, ব্রাজিল ও মরক্কো উভয় দলই কৌশলগতভাবে শক্তিশালী এবং একই স্তরের। তিনি বলেন, “আমার আলাদা করে কোনো পছন্দের দল নেই। আমি মনে করি দুটো দলই শক্তিশালী। মরক্কো প্রথমার্ধে ভালো খেলেছিল, ব্রাজিল দ্বিতীয় অর্ধে ভালো খেলেছিল। কেউ কারও চেয়ে বেশি শক্তিশালী নয়।”

প্রতিপক্ষ নিয়ে বাড়তি দুশ্চিন্তা না করে নিজেদের পারফরম্যান্সের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন ডাচ কোচ। তিনি আরও বলেন, “আমাদের উচিত নিজেদের দিকে মনোযোগ দেওয়া।”

নেদারল্যান্ডসের লক্ষ্য এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখা। তিউনিশিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি জিতে তারা সেই লক্ষ্য পূরণ করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন