. অক্টোবরের সেরা লা লিগা খেলোয়াড় নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপ্পে

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
. অক্টোবরের সেরা লা লিগা খেলোয়াড় নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপ্পে

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত লড়াইয়ে বার্সেলোনার উদীয়মান তরুণ তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেলে দিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। চমৎকার পারফরম্যান্সের সুবাদে অক্টোবর মাসের স্প্যানিশ লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এর মাধ্যমে দুই তারকার মধ্যকার ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে প্রথমবারের মতো একটু এগিয়ে গেলেন এই রিয়াল তারকা।

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে পাঁচজনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে এমবাপ্রে ও ইয়ামালের পাশাপাশি মনোনয়ন পেয়েছিলেন রিয়াল সোসিয়েদাদের গনসালো গেদেস, আতলেতিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত গোল করার দক্ষতায় সবাইকে পেছনে ফেলেন এমবাপ্পে।

অক্টোবরে লা লিগায় মাত্র তিনটি ম্যাচ খেলে চারবার প্রতিপক্ষের জাল কাঁপান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হাইভোল্টেজ এল ক্লাসিকো ম্যাচেও জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেন তিনি। এই চার গোলের সুবাদে লা লিগায় তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১১টিতে। পাশাপাশি দুটি অ্যাসিস্টসহ মাস শেষে তার মোট গোল-অবদান দাঁড়ায় ১৩টিতে।

অন্যদিকে, পুরস্কারের লড়াইয়ে খুব একটা পিছিয়ে ছিলেন না বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালও। অক্টোবর মাসে তিনি তিনটি ম্যাচ খেলে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন (মোট ৩টি গোল-অবদান)। যদিও পুরো মৌসুমের সার্বিক পরিসংখ্যানে ইয়ামাল আটটি গোল ও ছয়টি অ্যাসিস্টসহ (মোট ১৪) কিছুটা এগিয়ে আছেন, তবুও অক্টোবরের পারফরম্যান্সে এমবাপ্পের চার গোলই ব্যবধান গড়ে দিয়েছে।

এর আগে ২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়েও এই দুই তারকা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সেবার ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের হাতে পুরস্কার উঠলেও এমবাপ্পে দ্বিতীয় এবং ইয়ামাল তৃতীয় স্থান অর্জন করেন। পাশাপাশি ইয়ামাল সেরা তরুণ খেলোয়াড় হিসেবে কোপা ট্রফি জিতে নিজের ব্যক্তিগত ক্যাবিনেট সমৃদ্ধ করেন। এবার লা লিগার মাসসেরার খেতাব জিতে সেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় নতুন অধ্যায় যোগ করলেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার শীর্ষস্থান দখলের লড়াইয়ের পাশাপাশি এই দুই তারকার ব্যক্তিগত দ্বৈরথও ফুটবলপ্রেমীদের বাড়তি উন্মাদনা জোগাচ্ছে।

সকালবেলা / নুসরাত