রায়পুরায় গণপিটুনিতে চোর নিহত, সহযোগী আহত
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বসতবাড়িতে সিধ কেটে চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল (৩৫) নামের তাঁর এক সহযোগী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাচিয়ামারা এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে। আহত কামাল একই গ্রামের মধু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে দেশে ফেরেন। তাঁর বাড়ি ফেরার সুযোগ নিয়ে সোমবার শেষ রাতে চোরচক্রের চার সদস্য ওই প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চক্রের দুজন সদস্য বাড়ির ভেতরে ঢোকে এবং বাকি দুজন বাইরে পাহারা দিতে থাকে।
বাড়ির লোকজন বিষটি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘরের ভেতরে থাকা হৃদয় ও কামালকে হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত কামালকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নিহত হৃদয় মিয়া এলাকার চিহ্নিত চোর ও মাদক কারবারি। প্রায় এক বছর আগে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়াসহ পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা
|