গোপালগঞ্জ-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের শুভ উদ্বোধন
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপালগঞ্জ টু ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যরা ঢাকা থেকে ট্রেনে চড়ে গোপালগঞ্জ স্টেশনে পৌঁছে এই ঐতিহাসিক সার্ভিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টেশন প্ল্যাটফর্ম প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাব্লিউ এ খান (ডক্টর কে এম বাবর)। পুরো উদ্বোধনী কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং জেলা পুলিশ সুপার হাবীবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, "আজ গোপালগঞ্জবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। বিগত সরকার দীর্ঘ ১৭ বছরে যা করতে ব্যর্থ হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মাথায় তা বাস্তবায়ন করে দেখিয়েছে। এই অগ্রযাত্রার ধারা শুধু গোপালগঞ্জেই সীমাবদ্ধ নয়, পুরো দেশজুড়ে অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও তা আরো বেগবান হবে।"
এআইএল/সকালবেলা
|