আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি জিপ গাড়ির দরজায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল ইয়াবার চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িটি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে রূপসা শপিং কমপ্লেক্সের সামনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন কালো রঙের হার্ডজিপ থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে গাড়িটির পেছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটে মোট ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে ভরা ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজারের চরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আগে থেকেই ৯টি মাদক মামলা রয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বড় বড় চালান ও চোরাচালান ঠেকাতে জেলা পুলিশের এমন কঠোর অভিযান চলমান থাকবে।

এআইএল/সকালবেলা