জামালপুরে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে মামলা
তৌকির আহাম্মেদ হাসু (জামালপুর প্রতিনিধি): জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা গ্রামে পারিবারিক প্রয়োজনে ধার নেওয়া ২ লাখ ৯৮ হাজার টাকা দীর্ঘদিনেও ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে মোছাঃ চাম্পা বেগম (৩২) ও তাঁর স্বামী মোঃ জুয়েল মিয়ার (৩৭) বিরুদ্ধে। এ ঘটনায় পাওনা টাকা ফেরত ও প্রতারণার প্রতিকার চেয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের বাসিন্দা মোছাঃ কহিনুর বেগম (৩৮)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত চাম্পা বেগম ও তাঁর স্বামী জুয়েল মিয়া পারিবারিক খরচ এবং মেয়ের বিয়ের প্রয়োজনের কথা বলে কহিনুর বেগমের কাছ থেকে নগদ টাকা ধার চান। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কহিনুর বেগম তিনটি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা প্রদান করেন।
নির্ধারিত চার মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও অভিযুক্তরা তা পরিশোধ করেননি। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হন অভিযোগকারী। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকালের দিকে কহিনুর বেগম কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করা হয়।
আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা টাকা গ্রহণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং টাকা দেবেন না বলে জানিয়ে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযুক্ত মোছাঃ চাম্পা বেগমের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুস সাকিব বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এআইএল/সকালবেলা