গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
মহিউদ্দিন আহমেদ (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে কাঠবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া হোন্ডা ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শেখ নড়াইল সদর থানার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি স্থানীয় কারখানায় চাকরি করতেন এবং সকালে কর্মস্থলে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন এবং আহত হন আরও বেশ কজন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা