ভাঙচুর ও ১০ কিলোমিটার যানজটে স্থবির কালিয়াকৈর

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
ভাঙচুর ও ১০ কিলোমিটার যানজটে স্থবির কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের এক দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার পোশাক শ্রমিক। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে উপজেলার পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা সড়কের ওপর আড়াআড়ি অবস্থান নিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। বিক্ষোভ চলাকালে উত্তেজিত শ্রমিকরা পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকায় চলাচলকারী অর্ধশতাধিক যানবাহনের কাচ ও বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে। এ সময় সড়কের পাশের কয়েকটি দোকানেও হামলার ঘটনা ঘটে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দীর্ঘ সময় ধরে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক মহাসড়কে আটকে থাকায় হাজার হাজার সাধারণ যাত্রী, চালক ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিলেও সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করায় তারা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মাঠে নামেন। বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের মুখোমুখি অবস্থান এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল ও ধাওয়ার মুখে বিক্ষোভকারীরা দফায় দফায় ছত্রভঙ্গ হলেও থেমে থেমে আবার সড়কে অবস্থান নিচ্ছেন।

অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে মাঠে নেমেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে কালিয়াকৈরের বিভিন্ন স্থানে সরেজমিন অবস্থান নেন। তারা ভাঙচুর প্রতিরোধ ও সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পরিস্থিতি নিশ্চিত করে জানান, সকালে শ্রমিকদের উপস্থিতিতে পরিস্থিতি চরম উত্তপ্ত ছিল। পুলিশ ও বিজিবির ধারাবাহিক তৎপরতায় কালিয়াকৈর এলাকার পরিবেশ বর্তমানে কিছুটা শান্ত হয়ে আসছে এবং আটকে থাকা গাড়িগুলো ধীরে ধীরে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।