গোপনে গৃহবধূর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সীগঞ্জে ইমাম গ্রেপ্তার
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে গোপনে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ এবং পরবর্তীতে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগে এক সাবেক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের মরহুম ইয়াকুব আলী শেখের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, নূর আলম শেখ দীর্ঘ ১৮ মাস ধরে টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইমামতির পাশাপাশি তিনি স্থানীয় এক শিশুর বাড়ীতে গিয়ে ধর্মীয় শিক্ষা প্রদান করতেন। এ সুযোগে শিশুটির মায়ের সঙ্গে নানা প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নূর আলম। একপর্যায়ে তাদের মধ্যে অনৈতিক শারীরিক সম্পর্ক গড়ে উঠলে গোপনে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন তিনি।
প্রায় এক মাস আগে তাদের এই অনৈতিক সম্পর্কের বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে মসজিদ পরিচালনা কমিটি নূর আলমকে ইমামতির পদ থেকে বরখাস্ত করে এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এলাকা ছাড়লেও ওই গৃহবধূকে নিয়মিত বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন তিনি। একপর্যায়ে তিনি ধারণকৃত আপত্তিকর ভিডিওটি ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন এবং পুনরায় শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল প্রতিবেশী শ্রীনগর থানার একটি মাদ্রাসায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে উক্ত এলাকা থেকে নূর আলম শেখকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম শেখ নিজের অপরাধ ও ভিডিও ধারণের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট টংগিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।