গাজীপুরে শ্রমিক বিক্ষোভে যানবাহন ও দোকানপাট ভাঙচুর

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে যানবাহন ও দোকানপাট ভাঙচুর

রেজাউল করিম মজুমদার (গাজীপুর): ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা চতুর্থ দিনের মতো পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চলছে। 

সোমবার (২ নভেম্বর) সকালে আন্দোলন চলাকালে অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এবং বিভিন্ন যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালান।

পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার আশঙ্কায় মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ পুনরায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

এই বিক্ষোভ ও ভাঙচুরের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। এছাড়া আশপাশের আবাসিক এলাকাগুলোতেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

এআইএল/সকালবেলা