হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে, সরকারি কোনো দপ্তরে যেন সাধারণ মানুষের ফাইল অযথা আটকে না থাকে। বরং কোন অফিস কত দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে পারছে, সেই ইতিবাচক প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহিদ পরিবার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আখতার হোসেন বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই আপনারা সরকারি চাকরিতে এসেছেন এবং জনগণের সেবা করাই আপনাদের মূল দায়িত্ব। অনেক সময় গ্রামের সাধারণ মানুষ দাপ্তরিক নিয়ম-কানুন না জানায় অফিসে এসে আড়ষ্টতায় ভোগেন, তাই কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল হতে হবে। তিনি 'আগে আসলে আগে সেবা পাবেন'—এই নীতি অনুসরণের নির্দেশ দিয়ে বলেন, প্রতিদিন অফিসে আসা মানুষদের সিরিয়াল অনুযায়ী সেবা দিতে হবে এবং জরুরি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। বিশেষ করে থানা, ভূমি অফিস এবং স্বাস্থ্য বিভাগে গিয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেন।
আখতার হোসেন নিজেকে বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, পীরগাছা ও কাউনিয়ার মানুষের অকুণ্ঠ সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন এবং দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। জুলাই আন্দোলনে আহত ও শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। এছাড়া তিনি পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং তাদের সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় সংসদে কথা বলার আশ্বাস দেন।
এলাকার দীর্ঘদিনের সমস্যা প্রসঙ্গে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, তিস্তা নদী-কেন্দ্রিক মানুষের দুর্ভোগ নিরসন এখন সময়ের দাবি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানি বণ্টন ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। মতবিনিময় শেষে তিনি জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহিদ পরিবারগুলোর মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে শুকনো খাবার বিতরণ করেন। এরপর তিনি সদ্যপ্রয়াত জামায়াত নেতা ফারুক ইকবালের কবর জিয়ারত এবং চৌধুরাণী থেকে ফতেপুরঘাট সড়কের শুভ উদ্বোধন করেন। সবশেষে বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা ও গণইফতারে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল ও পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা