বানারীপাড়ায় রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

বানারীপাড়ায় রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

মো. তাওহীদ, বানারীপাড়া: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক নিশ্চিত করতে বরিশালের বানারীপাড়া পৌর শহরের প্রধান বাজারে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বানারীপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজি বাজার ও ফলের আড়ত সশরীরে পরিদর্শন করেন। তিনি প্রতিটি দোকানে পণ্যের মজুত ও ক্রয়-বিক্রয় রশিদ পরীক্ষা করেন। এসময় তিনি ব্যবসায়ীদের জনসম্মুখে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করার কঠোর নির্দেশ দেন।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওজনে কম দেওয়া বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার সিন্ডিকেট রুখতে এ ধরনের তদারকি কার্যক্রম পুরো মাস জুড়ে নিয়মিত অব্যাহত থাকবে। বাজার মনিটরিংয়ের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন