শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ, সতর্ক করতে মাইকিং
মাসুম বিল্লাহ (বাগেরহাট জেলা প্রতিনিধি): বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ পাওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য। এ ঘটনার পর এলাকাবাসীকে সতর্ক করতে বন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিটিআরটি টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তাঁর বাড়ির পেছনের ভোলা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে খবর পেয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে এসেছিল এবং পরে আবার সুন্দরবনের গহীনে ফিরে গেছে।
রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, লোকালয়ে বাঘের আসার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে পায়ের ছাপ পরীক্ষা করা হয়েছে। তবে বাঘটি বর্তমানে সুন্দরবনেই ফিরে গেছে বলে নিশ্চিত করা গেছে। জনসাধারণকে সচেতন করার পাশাপাশি এলাকায় মাইকিং করা হয়েছে এবং বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা