যমুনার শাখা নদীতে সেতুর নির্মাণকাজের উদ্বোধন
তৌকির আহাম্মেদ হাসু (জামালপুর প্রতিনিধি): জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা শাখা নদী ঝিনাই নদীর ওপর ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার ৫২০ মিটার চেইনেজে সেতুটি নির্মাণ করা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চর সরিষাবাড়ী খেয়াঘাট এলাকায় জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সেতুটির চুক্তিভিত্তিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৩ লাখ ২৮ হাজার ৬৫২ টাকা। ২০২৬ সালের ১০ জুলাই শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৮ সালের ১০ জুলাই শেষ হওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেতুটিতে মোট ৭টি স্প্যান, ৬টি পিয়ার ও ৩০টি পাইল থাকবে।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অব.) আবদুল আউয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসানুর রহমান স্বপন ও সুলতান মাহমুদ।
সেতুটি নির্মিত হলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ও ঘোড়ামারা বাজারের সঙ্গে সরিষাবাড়ী উপজেলা সদরের সংযোগ আরও সুগম হবে। এর ফলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে সময় ও খরচ কমবে, যা স্থানীয় আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এআইএল/সকালবেলা