মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা মামলায় ‘শুটার লেলিন’ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে ‘শুটার লেলিন’কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি মিরপুর বিভাগের একটি আভিযানিক দল সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উপকমিশনার মোহাম্মদ রাকিব খান।
গ্রেপ্তারকৃত লেলিন রাজধানীর শাহ আলী থানার ব্লক-বি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম।
পুলিশ সূত্র জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে অন্যতম লেলিন। স্থানীয়ভাবে তাঁর বিরুদ্ধে মিরপুর অঞ্চলে চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করেছে, যাঁদের অধিকাংশই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। তা ছাড়া এ কাণ্ডে জড়িত অন্তত ৪০ জনের একটি তালিকা তৈরি করে তাঁদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা