হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ শিক্ষার্থী উদ্ধার
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে ঘুরতে গিয়ে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করেছে যৌথ উদ্ধারকারী দল। পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে ঢাকা থেকে ওই ১০ শিক্ষার্থীর একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে বের হয়। পাহাড়ি ও দুর্গম পথ অতিক্রম করে জলপ্রপাতে পৌঁছানোর পর পথিমধ্যে তাঁদের দলের এক শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। দুর্গমে আহত সহপাঠীকে নিয়ে লোকালয়ে ফিরে আসা কঠিন হয়ে পড়লে তাঁরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল করে সাহায্য চান।
জাতীয় জরুরি সেবা থেকে বিকেল ৩টার দিকে খবর পাওয়ার পর মুহূর্তেই অভিযানে নামে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের একটি সমন্বিত দল। দ্রুত ও সাহসিকতার সাথে অভিযান চালিয়ে বিকেল পৌনে ৫টার মধ্যে দুর্গম বনাঞ্চল থেকে ১০ জনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থী ছাড়া বাকি সব পর্যটক সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।
এআইএল/সকালবেলা
|