সিকিমে নির্মাণাধীন টানেলে বিস্ফোরণ ও ভূমিধসে ৯ জন নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সিকিমে নির্মাণাধীন টানেলে বিস্ফোরণ ও ভূমিধসে ৯ জন নিহত

অনলাইন ডেস্ক: ভারতের পাহাড়ি রাজ্য সিকিমের নামচি জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার করপোরেশনের (এনএইচপিসি) তিস্তা ষষ্ঠ ধাপ জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন সুড়ঙ্গে (টানেল) জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের বিস্ফোরণ ও পরবর্তী ভূমিধসের কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণ ও ধসের ফলে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হয়ে গেলে ভেতরের গভীরে অনেক শ্রমিক আটকা পড়েন। সোমবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে জেলা প্রশাসন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে। টানা দ্বিতীয় দিনের মতো সেখানে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীসহ একাধিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূগর্ভস্থ শিলাস্তর থেকে ধীরে ধীরে নির্গত হয়ে মিথেন গ্যাস সুড়ঙ্গের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে জমা হয়েছিল। পরে সেই জমে থাকা গ্যাস বের করে নেওয়ার চেষ্টা করার মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই সুড়ঙ্গের একটি বড় অংশ ধসে পড়ে ভেতরের পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার সময় সুড়ঙ্গের মুখে থাকা কয়েকজন দ্রুত বের হতে পারলেও ভেতরের কর্মীরা আটকা পড়েন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সুড়ঙ্গের ভেতরে এখনো বিপজ্জনক মাত্রায় মিথেন গ্যাস জমা রয়েছে এবং অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কম। পাশাপাশি ধসের কারণে ভেতরের দৃশ্যমানতা অনেক কমে যাওয়া এবং সুড়ঙ্গের পথ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে মারাত্মক বেগ পেতে হচ্ছে।

সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নামচি জেলা প্রশাসন, এনএইচপিসি, স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে রাতভর উদ্ধারকাজ পরিচালনা করছে। বিপজ্জনক পরিস্থিতি সত্ত্বেও আটকে পড়া অবশিষ্ট শ্রমিকদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মন্তব্য করুন