ভাটারা নতুন বাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ভাটারা নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া ভয়াবহ আগুনে একই পরিবারের শিশুসহ ৩ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন—কাপড়ের দোকান কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাদের আট বছর বয়সী ভাগ্নি হাফছা (৮)।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে তারা সবাই ঘুমন্ত অবস্থায় থাকা কালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, "দগ্ধদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মো. শাহীনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের সবাইকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
হাসপাতালে দগ্ধদের নিয়ে আসা শাহীনের সহকর্মী মো. জসিম জানান, "শাহীন নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া বাসায় থাকতেন। ভোররাতে তারা যখন ঘুমে ছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে পুরো রুমে আগুন ধরে যায়। ধারণ করা হচ্ছে, সারারাত জমে থাকা গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে।"
|