মোংলায় কর মেলা, মিলবে ২৫% মওকুফের সুযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
মোংলায় কর মেলা, মিলবে ২৫% মওকুফের সুযোগ

রিপন হালদার (স্টাফ রিপোর্টার): দেশের অন্যান্য পৌরসভার মতো কর আদায়ে নাগরিকদের উৎসাহিত করতে এবং রাজস্ব আদায়ের গতি বাড়াতে মোংলা পোর্ট পৌরসভায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কর মেলা। মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীর সার্বিক নির্দেশনায় গত রবিবার (১১ অক্টোবর) থেকে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত।

এই মেলায় পৌরসভার বকেয়া করদাতাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে; নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করলে তারা প্রদেয় করের ওপর ২৫ শতাংশ মওকুফ সুবিধা পাবেন। এ ছাড়া যারা পূর্বে কোনো কারণে কর পুনর্নির্ধারণের (রিভিউ) সুযোগ পাননি, তাঁদের জন্য মেলা চলাকালে রিভিউ আবেদনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

মোংলা পোর্ট পৌরসভার ট্যাক্স কালেক্টর আকুঞ্জি মিল্লাল হোসেন জানান, এই উদ্যোগ ইতিমধ্যেই নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং আগের তুলনায় উল্লেখযোগ্য হারে পৌর কর আদায় বেড়েছে। পৌরসভার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের মেলা নাগরিকদের সচেতন করতে কার্যকর ভূমিকা রাখছে।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে শহরজুড়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যেখানে নাগরিকদের পৌর কর পরিশোধ করে সুনাগরিকের দায়িত্ব পালনের পাশাপাশি পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অবদান রাখার আহ্বান জানানো হয়।

এআইএল/সকালবেলা