মোংলা উপজেলায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে প্রথম তাইবা আক্তার

মোংলা উপজেলায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে প্রথম তাইবা আক্তার

মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার ফলাফলে বাগেরহাটের মোংলা উপজেলায় মেধার স্বাক্ষর রেখেছে তাইবা আক্তার। উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামের মিঠু মৃধার মেয়ে তাইবা সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে। সে জয়মনিরঘোল দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।

তাইবা আক্তারের এই অসামান্য সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। শিক্ষা-দীক্ষা ও নৈতিক গঠনে সুপরিচিত এই প্রতিষ্ঠানটি তাইবার এই অর্জনের মাধ্যমে বাগেরহাটের শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পাঠদান, সুপরিকল্পিত শিক্ষাব্যবস্থা এবং নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টাই এই অভাবনীয় সাফল্যের মূল ভিত্তি।

মাদ্রাসার প্রধান সুপার মো. আল-আমিনের দক্ষ নেতৃত্ব এবং একঝাঁক উদ্যমী শিক্ষকের নিরলস পরিশ্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিচর্যায় তাইবা আক্তার তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে। এই গৌরবময় অর্জন প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অভিভাবকদের মনে নতুন করে আস্থার সৃষ্টি করেছে। জয়মনিরঘোল দারুসসুন্নাহ মাদ্রাসা শুধুমাত্র পাঠ্যশিক্ষা নয়, বরং বহুমাত্রিক প্রতিভা বিকাশের উর্বর ক্ষেত্র হিসেবে আবারও নিজের স্বকীয়তা প্রমাণ করল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন