ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ১টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপে’ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ আটজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত দিয়ে সব ধরণের পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ