মাধবদীতে বাবার সামনে থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যার অভিযোগ

মাধবদীতে বাবার সামনে থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তার (১৫) নামের এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা বরিশালের বাসিন্দা আশরাফ হোসেনের মেয়ে। তারা সপরিবারে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে নূর মোহাম্মদ নামে এক স্থানীয় বখাটে তার দলবল নিয়ে আমেনাকে একবার তুলে নিয়ে গিয়েছিল। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। বুধবার রাতে বাবা আশরাফ হোসেন তার কাজ শেষ করে নিরাপত্তার জন্য মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূর মোহাম্মদ ৫-৬ জন সহযোগীসহ আবারও আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি বাবা। বৃহস্পতিবার সকালে সরিষা ক্ষেতে আমেনার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের বাবা আশরাফ হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, নূর মোহাম্মদের নেতৃত্বে কয়েকজন আমার চোখের সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। যারা আমার সন্তানকে এভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। এদিকে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটির সঙ্গে নূর মোহাম্মদের প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। বুধবার রাতে তাকে তুলে নেওয়ার পর সকালে মরদেহ পাওয়া যায়। ঘটনার তদন্তে ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কি না তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন