জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন, সেনবাগে শোকের ছায়া

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন, সেনবাগে শোকের ছায়া

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক-এর সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর এই চিরবিদায়ে সেনবাগের রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে এক অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কানিজ ফাতেমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১ এলাকার লেক রোডের বাসভবনের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ গ্রামের বাড়ি সেনবাগে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

সেনবাগে অনুষ্ঠিত জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সেনবাগ উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয় শুভানুধ্যায়ীরা জানাজায় শরিক হন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দাফন শেষে জয়নুল আবদীন ফারুকের পক্ষ থেকে সবার কাছে তাঁর স্ত্রীর জন্য দোয়া চাওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন