ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগের জেলা অফিস দীর্ঘ ১৮ মাস পর পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ভোর রাত ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমে এই অফিস ‘অবমুক্ত’ করার বিষয়টি সামনে আসে। পোস্টে দাবি করা হয়, দেশের বিভিন্ন কারাগারে থাকা এবং দেশ-বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে অফিসটি পুনরায় চালু করা হয়েছে।
এই ঘটনার পর থেকেই ঝিনাইদহ শহর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রকাশ্যে এমন সাহস দেখিয়ে অফিস খোলার ঘোষণা দেয় এবং এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কেন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদি সংগঠনটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ থাকে, তবে তাদের কার্যালয় খোলা বা কার্যক্রম চালানো সরাসরি আইনবিরোধী কাজ। এ বিষয়ে দ্রুত প্রশাসনের স্পষ্ট অবস্থান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নাগরিকরা।
এদিকে এ ঘটনা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে জনমনে প্রশ্ন আরও জোরালো হচ্ছে যে, আইনের প্রয়োগে কোনো শৈথিল্য দেখা যাচ্ছে কি না কিংবা বিষয়টি প্রশাসনের নজরের বাইরে রয়ে গেছে কি না। স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ