নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬টি বিশেষ সিদ্ধান্ত: শেখ রবিউল আলম

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬টি বিশেষ সিদ্ধান্ত: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি এ কথা জানান। তিনি ঘোষণা দেন যে, এবারের ঈদযাত্রা নিরাপদ করতে মোট ২৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আশ্বস্ত করে বলেন, নৌপথে যাত্রীদের কোনো ভোগান্তি হবে না এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার সুযোগ থাকবে না। চাঁদাবাজির বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “চাঁদা ও চাঁদাবাজি এক বিষয় নয়। জোর করে টাকা আদায় করা বা চাঁদাবাজি একটি অপরাধ, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে দেখবে। তবে শ্রমিক ও মালিকদের সমঝোতার ভিত্তিতে সংগৃহীত অর্থ চাঁদাবাজি নয়, কারণ এটি শ্রমিকদের কল্যাণে ব্যয় হয়।”

সড়কপথে শৃঙ্খলা ফেরাতেও মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, এবার ঈদযাত্রায় নতুনত্ব আনা হয়েছে এবং সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ রাখা হবে না। সফলভাবে ঈদযাত্রা সম্পন্ন করতে পরিবহন সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা পূর্বের তুলনায় অনেক বেশি আরামদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন