পলাশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মো. নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ‘দূরন্ত পলাশ গ্রুপ’ নামক ফেসবুক পেজের প্রধান এডমিন এবং এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশ জানায়, প্রতারণা ও জালিয়াতির মামলায় তিনি এক বছরের সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মানহানিকর অপপ্রচার চালানোর অসংখ্য অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ‘দূরন্ত পলাশ’ আইডি ও তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মাসউদুল ইসলাম রানার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার (৯ মে) তাকে নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা