সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ আশরাফুল ইসলাম (৪০) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। 

আজ সোমবার (৮ জুন) সকালে থানার গোলচত্বর এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফুল উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের ছেলে।

আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর একটি চৌকস আভিযানিক দল আজ সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্বর সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিশেষ মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আশরাফুলকে আটক করে র্যাব সদস্যরা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ১ হাজার ১৩১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ২৪ গ্রাম সুপ্ত মাদক হেরোইন উদ্ধার করা হয়।

র্যাব-১২ জানায়, গ্রেফতারকৃত আশরাফুল দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে র্যাবের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন