কাউলতিয়ায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন, অপরাধ দমনে ঐক্যের আহ্বান

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
কাউলতিয়ায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন, অপরাধ দমনে ঐক্যের আহ্বান

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে একটি নতুন পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পটির উদ্বোধন করা হয়। তবে আয়োজকদের সূত্রে ক্যাম্পটির নাম ‘কাউলতিয়া পুলিশ ক্যাম্প’ এবং ‘হাতিয়াব পুলিশ ক্যাম্প’—দুইভাবেই উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

অনুষ্ঠানে কমিশনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত ও পরামর্শ শোনেন। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নতুন এই পুলিশ ক্যাম্প চালুর ফলে কাউলতিয়া ও আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নতি ঘটবে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ও স্থানীয় সচেতন মহল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন