ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিশুর বাবাকে কুপিয়ে জখম

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিশুর বাবাকে কুপিয়ে জখম

ইব্রাহিম ফরাজি, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এক শিশু শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ ও প্রশাসনিক অভিযোগ করার জের ধরে তার বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটের নাম আরাফাত হোসেন (১৫)। সে একই গ্রামের কবির খানের ছেলে।

আহত শিক্ষার্থীর বাবা রাসেল সিকদার জানান, তাঁর শিশুকন্যা শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে বখাটে আরাফাত প্রায়ই তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে শিক্ষা কর্মকর্তার পরামর্শে গত মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে আরাফাত।

ভুক্তভোগী রাসেল অভিযোগ করে বলেন, ঘটনার রাতে তিনি বাড়ির নিকটস্থ একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আরাফাত ও কাওসারের নেতৃত্বে ৭-৮ জনের একটি বখাটে দল তাঁর ওপর আকস্মিক হামলা চালায় এবং একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতের শরীরে কোপের ক্ষত রয়েছে, তবে তিনি আপাতত আশঙ্কামুক্ত।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন