মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জমিয়তের
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে গভীর রাতে উচ্চস্বরে ডিজে গান বাজানোর প্রতিবাদ করায় জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা জানান।
বিবৃতিতে জমিয়ত নেতারা বলেন, মাদরাসাটিতে পরীক্ষা চলাকালে গভীর রাতে উচ্চস্বরে গান-বাজনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শব্দ কমানোর অনুরোধ করতে গেলে তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। বিষয়টি আগে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো অনুরোধ করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী হামলায় গুরুতর আহত হন, যা অত্যন্ত গর্হিত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতার ওপর প্রশ্ন তোলে।
নেতারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং চলমান পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
তারা আরও স্মরণ করিয়ে দেন যে, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস প্রতিবাদের ইতিহাস। তাই শিক্ষার্থীদের নিরীহ মনে করে কোনো অন্যায় আচরণ করা হলে এর পরিণতি শুভ হবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন তাঁরা।
এআইএল/সকালবেলা
|