পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সুন্দর, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের বিশেষ উদ্যোগে উচাই-পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায় হিসেবে সড়কের উভয় পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ শুরু হয়েছে।
কর্মসূচির উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদের সদস্য আবু ফয়সাল, শফিকুল ইসলাম, রেজাউল করিম, স্থানীয় ব্যক্তিত্ব সোহরাব হোসেন বাবু, গ্রামপুলিশ দফাদার আকবর আলী, গ্রামপুলিশ সুনিল, সন্তোষ, সুজিত, সন্তোষ মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী বলেন, “দেশব্যাপী পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ করা, পরিবেশ দূষণ রোধ করা এবং নাগরিকদের জন্য একটি সুস্থ-সচেতন পরিবেশ গড়ে তোলা।”
তিনি আরও যুক্ত করেন, আজকের এই উদ্বোধনের মাধ্যমে সড়কের পাশের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কারের কাজ গতি পেল। এখন থেকে প্রতি শনিবার আটাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই জনকল্যাণমুখী উদ্যোগকে সফল করতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
|