সোনারগাঁওয়ে প্রাইভেট কারসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৌনে ৬ লাখ টাকা ও একটি প্রাইভেট কারসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ বোতল ম্যাকড্রিল ও ২ ক্যান বিদেশি বিয়ার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় গোপনে মাদক বিক্রির সংবাদ পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ ব্লক রেইড অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের ইব্রাহীম (৩৪), কুনাবো গ্রামের মো. রাজু (৩৫), ফেনীর ফুলগাজী থানার বন্দবাড়ি গ্রামের মো. আলম হোসেন (৩৪), নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর গ্রামের মো. নাসিম (৩৮) এবং একই থানার চানপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৮)।
অভিযানকালে তাঁদের ব্যবহৃত একটি সাদা রঙের হোন্ডা প্রাইভেট কার, কফি রঙের ব্যাগে রক্ষিত ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা