মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে সুজন সাহা (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর মানিকগঞ্জের সাটুরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বাসাইল উপজেলার ভবানী বাড়ি দক্ষিণপাড়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম মাদানীর আগমন উপলক্ষে 'বাসাইল সংবাদ' নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের কমেন্ট বক্সে সুজন সাহার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে।
বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বল্লা এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বল্লা বাজার এলাকায় স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান।
ঘটনার খবর পেয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে এ ঘটনায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি সুজন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
এআইএল/সকালবেলা