কিশোরগঞ্জে ইজিবাইক ও মিশুকের মনোগ্রামের দাবিতে স্মারকলিপি প্রদান
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পৌর এলাকায় ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন এবং মিশুকের জন্য পৃথক মনোগ্রাম চালুর দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে কিশোরগঞ্জ পৌর ইজিবাইক মালিক সমিতি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে কিশোরগঞ্জ পৌরসভা থেকে ইজিবাইকের জন্য মনোগ্রাম দেওয়া হয়। পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরে তা নবায়ন করা হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও আর মনোগ্রাম নবায়ন করা হয়নি।
সমিতির নেতাদের দাবি, মনোগ্রাম নবায়নের জন্য গত বছরের ২৬ অক্টোবর পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে, মালিকদের পক্ষ থেকে মনোগ্রাম নবায়নের দাবি থাকলেও কোনো নোটিশ ছাড়াই গত ২৭ সেপ্টেম্বর পৌর কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে ইজিবাইক নিবন্ধনের জন্য মাইকিং করা হয়েছে বলে অভিযোগ করেন সমিতির নেতারা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ শহরে অনুমোদনহীন ও মনোগ্রামবিহীন মিশুকের সংখ্যা বাড়ছে। এর ফলে শহরের বিভিন্ন সড়কে যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি মনোগ্রাম না থাকায় এসব যানবাহন শনাক্ত ও নিয়ন্ত্রণেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সমিতির ২২ জন স্বেচ্ছাসেবক নিয়মিত দায়িত্ব পালন করছেন বলেও স্মারকলিপিতে জানানো হয়।
সমিতির নেতৃবৃন্দ দ্রুত ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন এবং মিশুকের জন্য সুনির্দিষ্ট মনোগ্রাম চালুর দাবি জানান। একই সঙ্গে শহরের যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তারা।
স্মারকলিপির সঙ্গে পৌর প্রশাসকের কাছে দেওয়া আগের আবেদনের অনুলিপি এবং আইনশৃঙ্খলা কমিটির রেজুলেশনের কপিও জমা দেওয়া হয়।
এআইএল/সকালবেলা