জামায়াতের জন্মই হয়েছে চাঁদার টাকায়: এমপি খোকন

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
জামায়াতের জন্মই হয়েছে চাঁদার টাকায়: এমপি খোকন

বিশেষ প্রতিনিধি: নির্বাচনে জয়লাভ করতে না পেরে দিশেহারা হয়ে জামায়াতে ইসলামী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

তিনি বলেন, “জামায়াতের জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে এবং দলের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে খোকন তালুকদার বলেন, বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলে নেতৃত্বের আসনে আছেন, তাদের কেউ কেউ উসকানিমূলক ও অসত্য বক্তব্য ছড়াচ্ছেন। তাদের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, তারা একসময় আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দিতে ক্লান্ত হতেন। এখন তারাই আওয়ামী লীগের বিরোধিতা করছেন, আবার একই সাথে বিএনপিকে হেয় করার চক্রান্তে মেতে উঠেছেন।

তিনি আরও বলেন, মনগড়া অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। এসব চক্রান্তের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির প্রকৌশলী রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ এবং উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন