বন্দরে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন
মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাতের আঁধারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনায় খামার মালিকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামতাল মালিভিটা এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত খামারটির মালিক স্থানীয় বর্তমান ইউপি সদস্য (মেম্বার) হাজী মোঃ শফুরউদ্দিন।
ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, কামতাল মালিভিটা এলাকার পুকুরটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন মেম্বার শফুরউদ্দিন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি বাড়ি চলে যান। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে রুই, তেলাপিয়া ও পাঙ্গাশসহ বিভিন্ন জাতের মরা মাছ ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেন।
খামার মালিক হাজী মোঃ শফুরউদ্দিন জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে পুকুরের ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
নির্মম এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|