সৈয়দপুরে রাস্তা দখলের অপচেষ্টা, থানায় মামলা
মোঃ মাইনুল হক (নীলফামারী): নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডে, নিয়ামতপুরের বাংগালীপুর এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি যাতায়াতের গলি রাস্তা জোরপূর্বক জবরদখল ও সংকীর্ণ করার অভিযোগ উঠেছে। ১৯৭২ সাল থেকে স্থানীয় প্রায় ২৮টি পরিবারের দুই শতাধিক মানুষ নির্বিঘ্নে এই পথ ও সংলগ্ন নালা ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় একটি মহল চলাচলের রাস্তা সংকুচিত করে ঘর ও দেয়াল নির্মাণের পাঁয়তারা চালালে তীব্র অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে।
বাঙালিপুর মৌজার (জেএল নম্বর-৮৮, বিএস খতিয়ান ও সার্ভেয়ার হাত নকশা অনুযায়ী) ২৯ ও ৩০ নম্বর দাগের মধ্যবর্তী এই ঐতিহ্যবাহী গলি রাস্তাটি স্থানীয় সাধারণ মানুষের যাতায়াতের প্রধান অবলম্বন। ১৯৭২ সালে তৎকালীন জমির মালিক মনির, বশির উদ্দিন, বনিজ উদ্দিন ও ওসমান আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গের সম্মতিতে ও মৌখিক অনুমতিতে ৬ ফুট প্রশস্ত রাস্তাটি নির্ধারিত হয়।
এলাকাবাসীর পক্ষে মো. মমিনুল ইসলাম সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদনে উল্লেখ করেন যে, ৩০ নম্বর দাগ সংলগ্ন নালা ও ৬ ফুট স্লাবের উপর দিয়ে স্থানীয়রা নিয়মিত যাতায়াত করছেন এবং লাশ গোসল করানো সহ সামাজিক কার্যক্রম সম্পন্ন করে থাকেন। কিন্তু সম্প্রতি ওই দাগের ওয়ারিশগণ নালা ও রাস্তার অংশ দখল করে নতুন দোকানঘর ও পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করছেন, যা তাদের যাতায়াতকে বাধাগ্রস্ত করছে।
এলাকাবাসীর পক্ষে মামলার প্রধান বাদী মো. মমিনুল ইসলাম (৩৩) জানান, "আমাদের পূর্বপুরুষেরা ১৯৭২ সাল থেকে এই পথ ব্যবহার করে আসছি। কিন্তু সাম্প্রতিক সময়ে জমির দাম বেড়ে যাওয়ায় প্রতিপক্ষরা জনসাধারণের যাতায়াতের রাস্তায় বেআইনিভাবে দেয়াল ও ঘর তুলে ২৮টি পরিবারের যাতায়াত বন্ধের পাঁয়তারা করছে। আমরা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাধা না দেওয়ার অনুরোধ জানালেও তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। বাধ্য হয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।"
এদিকে মামলার বিবাদী মো. দুলু মিয়া, মো. লালু মিয়া, মো. বাবলু মিয়া, মো. মিন্টু হোসেন ও মো. আইয়ুব আলীর পক্ষে দাবি করা হয়, "উক্ত রাস্তা ও নালার অংশটি তাদের ব্যক্তিগত জমির ওপর অবস্থিত। তারা নিজেদের জমিতে নিয়ম অনুযায়ী অবকাঠামো ও দোকানঘর নির্মাণ করছেন এবং এতে কারো যাতায়াতের পথ বেআইনিভাবে বন্ধ করা হচ্ছে না।"
চলাচলের পথ রক্ষা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে মো. মমিনুল ইসলাম বাদী হয়ে নীলফামারীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৭ ও ১৩৩ ধারায় মামলা (পিটিশন মামলা নং- ৬৩/২০২৬, সৈয়দপুর) দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে আদালত নালিশী জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সৈয়দপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. নুর সাদেক স্বাক্ষরিত নোটিশে উভয় পক্ষকে আদালতের নির্দেশ মেনে নালিশী জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছে।
এলাকাবাসী জনস্বার্থে ও সড়ক-জনপথ বিভাগের জায়গা রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকার বাসিন্দারা।
এআইএল/সকালবেলা