ম্যারাডোনার চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের
ক্রীড়া ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ও ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গঠিত মেডিক্যাল টিমের অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ
বুয়েনস এইরেসের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযুক্ত সাত চিকিৎসাকর্মীর বিরুদ্ধে এই দৃষ্টান্তমূলক সাজার আবেদন জানান
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে বুয়েনস এইরেসের শহরতলি তিগ্রেতে এক ভাড়া বাসায় হৃদরোগ ও ফুসফুসে অতিরিক্ত তরল জমে গিয়ে (অ্যাকিউট পালমোনারি এডেমা) মৃত্যুবরণ করেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা
চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া এই বহুল আলোচিত বিচারে তৎকালীন সাতজন চিকিৎসাকর্মীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়
আইনি ভাষায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘ডোলো ইভেঞ্চুয়াল’ (পরিণতি জানা সত্ত্বেও অবহেলা করা) ধারায় বিচার চলছে
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ম্যারাডোনার ব্যক্তিগত প্রধান চিকিৎসক ডক্টর লিওপোল্ড লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি করেছেন
রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দেয় যে, চিকিৎসা সংক্রান্ত আর্থিক সুবিধা ও নিজস্ব অনিয়ম ঢাকতেই ম্যারাডোনাকে কোনো বিশ্বমানের হাসপাতালে না পাঠিয়ে প্রয়োজনীয় সরঞ্জামবিহীন ভাড়া বাসায় রাখা হয়েছিল
বৃহস্পতিবার যুক্তিতর্কের প্রথম দিনে রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী কোসমে ইরিবারেন ম্যারাডোনার মৃত্যুর ঠিক আগের কিছু ছবি প্রদর্শনী করেন
আদালত সূত্রে জানা গেছে, এই চূড়ান্ত যুক্তিতর্ক পর্বটি সম্পন্ন হতে আরও প্রায় দুই সপ্তাহের মতো সময় লাগবে এবং এরপরই পুরো বিশ্বকে আলোড়িত করা এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হবে