প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে কাজ করছেন; রাজশাহীতে ভূমিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে কাজ করছেন; রাজশাহীতে ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় জনগণের সঙ্গে মিশে থাকেন এবং তাদের সমস্যার সমাধানে সচেষ্ট থাকেন। শুক্রবার (১৫ মে) দুপুরে রাজশাহীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে স্থাপিত ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী রাজশাহীর প্রশংসা করে বলেন, এই শিক্ষানগরীকে অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। শহরটি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এখানকার মানুষ অত্যন্ত নম্র ও শান্ত। তিনি উল্লেখ করেন, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম এমনভাবে পরিচালিত হয় যে মানুষ বুঝতেই পারে না কখন ধুলোবালি পরিষ্কার হয়ে গেছে। মাটির নিচ দিয়ে পানির লাইনসহ সব নাগরিক সুবিধাই এখানে পরিকল্পিতভাবে নিশ্চিত করা হয়েছে।

শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, এই নগরে মানুষ অত্যন্ত নিরাপদে চলাফেরা করতে পারে। মাঝেমধ্যে কিছু সমস্যা তৈরি হলেও অপরাধীরা পার পায় না; দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় আনা হয়। ভবিষ্যতে রাজশাহীকে আরও সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

আইএসপিএবি রাজশাহীর সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। অনুষ্ঠানে আইএসপিএবির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন