দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বসতভিটার জমি লিখে না দেওয়ায় মোহাম্মদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। দাফনের প্রস্তুতিকালে লাশ উদ্ধার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে দোয়ারাবাজার থানা-পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে দোয়ারাবাজার থানা-পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিহতের পুত্রবধূ হোসনা বেগম (৩৮), এবং ভাড়াটে ঘাতক রুহুল আমিন (২২) ও নজরুল ইসলাম (২০)। পুলিশের দাবি, হোসনা বেগম এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং ৫০ হাজার টাকার চুক্তিতে রুহুল আমিন ও নজরুল ইসলাম সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) সকালে স্বজনেরা বৃদ্ধকে মৃত ভেবে তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে লাশের মুখে রক্ত ও গলায় কালো দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তীতে নিহতের নাতনি আছমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ হেফাজতে হোসনা বেগম স্বীকারোক্তি দেন।
এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে বসতভিটার জমি লিখে দেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার রাতে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে রাখলে চুক্তিভিত্তিক ঘাতকেরা ভেতরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এআইএল/সকালবেলা
|