কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল ও হাতাহাতি
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতেই জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের এক মতবিনিময় সভা চলাকালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে হঠাৎ করেই ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা হাতাহাতি ও হট্টগোলে রূপ নেয়। এ সময় সভাস্থলে চেয়ার তুলে নেওয়ার ঘটনাও ঘটে। এতে বেশ কিছু সময়ের জন্য মতবিনিময় সভার কার্যক্রম থমকে যায় এবং সভাজুড়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি দাবি করেন, ছাত্রদলের মধ্যে কোনো আলাদা গ্রুপ নেই, মূলত স্লোগান দেওয়া ও কথা কাটাকাটির জেরেই সামান্য এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে।
ঘটনার বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ জানান, “ছাত্রদলের শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার জ্যেষ্ঠ নেতারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি বাইরে থেকেই সমাধান করে দিয়েছেন। বিষয়টি আমরা শুরুতে টের পাইনি।”
তিনি আরও সন্তোষ প্রকাশ করে বলেন, “সবচেয়ে ভালো বিষয় হলো—ছাত্রদলের এই অনাকাঙ্ক্ষিত হট্টগোলের কারণে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে জেলার নেতৃবৃন্দের নির্ধারিত বৈঠকে কোনো ব্যাঘাত ঘটেনি। অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবেই আমরা আমাদের মূল মতবিনিময় সভা সম্পন্ন করেছি।”
এর আগে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা।